১১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:০৫, ১১ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ঝোপ থেকে তরুণীর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার

ফতুল্লায় ঝোপ থেকে তরুণীর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে ভূইগড় সোনালী মার্কেটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর আনুমানিক বয়স ২০ থেকে ২২ বছর। তাঁর পরনে সালোয়ার-কামিজ ছিল বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রাস্তার পাশের ঝোপে একটি বস্তা পাওয়া যায়। বস্তা খুলে তরুণীর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান তাঁরা।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তরুণীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তায় ভরে রাতের কোনো একসময় ওই স্থানে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

এসআই মিলন ফকির আরও জানান, নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়