১১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৯, ১১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে জামায়াতের সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

সিদ্ধিরগঞ্জে জামায়াতের সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশক নিধনের লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী।

রোববার (১১ অক্টোবর) বাদ আসর সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক উত্তর থানা জামায়াতের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মনুমিয়া মার্কেট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির ও নাসিক মেয়রপ্রার্থী মাওলানা আবদুল জব্বার।

তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। নিজ নিজ চারপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার আহ্বান জানান তিনি। মানুষের বিপদে জামায়াতের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।

সিদ্ধিরগঞ্জ উত্তর থানা জামায়াতের আমির মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারি রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক পশ্চিম থানার আমির মাহাবুব আলম।

উদ্বোধন শেষে স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার বিভিন্ন অলিগলি ও বাসাবাড়ির আঙিনায় ফগার মেশিন দিয়ে মশক নিধন ওষুধ ছিটানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়