১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বক্তাবলী-আলীরটেক সেতু নিয়ে বিভেদ নয়, ঐক্যের আহ্বান এমপি আল আমিনের

বক্তাবলী-আলীরটেক সেতু নিয়ে বিভেদ নয়, ঐক্যের আহ্বান এমপি আল আমিনের

বক্তাবলী-আলীরটেক সংযোগকারী সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে বিভেদ নয়, এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বক্তাবলী ইউনিয়নের গঙ্গানগরে মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদরাসায় জি.পি.এ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বক্তাবলী-আলীরটেক সেতু নির্মাণের প্রসঙ্গে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, সেতু নির্মাণের বিষয়টি ইতোমধ্যে সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তুলে ধরা হয়েছে। সেতুটি কোথায় নির্মাণ হবে, তা নিয়ে বিভেদ সৃষ্টি না করে এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু একটি প্রকল্পের ওপর নির্ভর করে না। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করতে হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

নারীশিক্ষা ও স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়তে নারীশিক্ষা, স্বাস্থ্য ও নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা অপরিহার্য। মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কোনো আপস করা যাবে না। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে এবং জ্ঞান ও শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য, আত্মনির্ভরশীল ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদরাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে তিনি ওয়াশ ব্লকসহ প্রয়োজনীয় অবকাঠামোগত ঘাটতি পূরণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি সমাজের কল্যাণে যারা ভূমিকা রাখছেন, তাদের দল-মতের ঊর্ধ্বে উঠে সম্মান ও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

মাদক, চাঁদাবাজি, মাটি কাটা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি আল আমিন বলেন, অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত বক্তাবলী গড়ে তুলতে দল-মত নির্বিশেষে ভালো কাজের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মো. আলী আকবর সিকদার, মাদরাসার সুপার, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রামবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়