মাদ্রাসায় সুশাসন ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে: আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও শিক্ষকদের মধ্যকার বিরোধ দূর করে কাজের সমন্বয় এবং নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় উন্নয়ন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার মিলনায়তনে ‘মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং উক্ত মাদ্রাসাকে জেলার অন্যতম মডেল মাদ্রাসায় উন্নীতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, গত ছয় মাসের রাজনৈতিক পরিস্থিতিতে তিনি লক্ষ্য করেছেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কিছু শিক্ষক মনে করছেন, বিগত আন্দোলনে যুক্ত থাকার কারণে তাঁদের অধিকার বেশি, ফলে তাঁরা কারও কথা শুনছেন না। অন্যদিকে নিরাপত্তা ও সামাজিক পরিবেশ নিয়ে শঙ্কা থাকায় গভর্নিং বডির সদস্যরাও দায়িত্ব পালনে ইতস্তত বোধ করছেন।
তিনি বলেন, এসব শঙ্কা ও বিশৃঙ্খলা দূর করে শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই মূল উন্নয়ন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। মাতৃভাষা বাংলা ও আন্তর্জাতিক ভাষা ইংরেজির পাশাপাশি আধুনিক বিশ্বে আরবি ভাষার গুরুত্ব রয়েছে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।
নারী শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। মাদ্রাসার ছাত্রীদের জন্য পৃথক স্যানিটারি ব্যবস্থা ও ওয়াশরুম সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এসব অবকাঠামোগত চাহিদা পূরণ ও প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মাদ্রাসা ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান।
এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিঞা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদসহ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।





































