বিএনপি দুর্বল নয়, উল্টাপাল্টা কাজ থেকে বিরত থাকুন: আজাদ
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, ‘তোলারাম কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষের মতো ঘটনা আমরা নারায়ণগঞ্জে দেখতে চাই না। আমি যে বিশেষ দলটি এ রকম উল্টাপাল্টা ঘটনা ঘটাচ্ছে, তাদের সতর্ক করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুর্বল নয়।’
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জেলা পরিষদ সংলগ্ন মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
নজরুল ইসলাম আজাদ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারেক রহমানকে অনুসরণ করে পথ চলে। তাই উল্টাপাল্টা কাজকর্ম থেকে বিরত থাকার চেষ্টা করে। আপনাদের উপযুক্ত জবাব দিচ্ছে না বলে আপনারা কিন্তু মনে করবেন না যে বিএনপি দুর্বল। বিএনপি দল দুর্বল নয়। বিএনপি স্বনির্ভর, নিজের বলে চলতে পারে। নিজের বলে পথ চলে। এবং নিজের মতো করে পথ ঠিক করে সামনে এগিয়ে যেতে পারে।’
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, কীভাবে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে। আমি বলতে চাই, আপনারা সতর্ক হয়ে যান। উল্টাপাল্টা কোনো রকম কাজকর্ম না করে কীভাবে মিলেমিশে পথ চলা যায়, সেটা করেন। কীভাবে আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য, সবাই মিলে একটি সমৃদ্ধিশীল নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য, একটি সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা যায়, সেটা নিয়ে ভাবেন।’
তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানিয়ে নজরুল ইসলাম আজাদ বলেন, ‘বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আজকে এরকম একটা কথা বলেছেন, তৃণমূলকে মূল্যায়ন করতে হবে। আমরা সবাই তৃণমূলকে মূল্যায়ন করতে চাই। আমরা তৃণমূলকে নিয়েই পথ চলতে চাই।’
এমপি মান্নানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাকেও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি সহ নারায়ণগঞ্জের সংসদ সদস্য যারা আছি, আমরা সবাই তৃণমূলকে সঙ্গে নিয়ে পথ চলবো এবং তৃণমূলকে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটাই চান। তারেক রহমান সেটাই চান। আমরা সেটা বাস্তবায়ন করব।’
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শহিদুল ইসলাম টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।





































