২৫ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:২৩, ২৫ জুন ২০২৬

আপডেট: ১১:২৩, ২৫ জুন ২০২৬

বিসিক এলাকায় বাড়ছে শ্বাসকষ্ট, ইটিপি ঠিকমতো না চলায় দূষণ নিয়ে উদ্বেগ রাজীবের

বিসিক এলাকায় বাড়ছে শ্বাসকষ্ট, ইটিপি ঠিকমতো না চলায় দূষণ নিয়ে উদ্বেগ রাজীবের

নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় দূষণের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে উল্লেখ করে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, “শুধু পানি দূষণ নয়, এর প্রভাব মানুষের স্বাস্থ্যের ওপরও পড়ছে। বিসিক এলাকায় অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন। ক্যান্সার রোগীর সংখ্যাও বাড়ছে।”

বুধবার (২৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

রাজীব বলেন, কারখানার বর্জ্য শোধনাগার (ইটিপি) সঠিকভাবে চালু না থাকায় দূষণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অনেক কারখানায় ইটিপি লক করে রাখা হয় উল্লেখ করে তিনি বলেন, “নিয়মটা কেন এমন হবে? যেকোনো মুহূর্তে আমি যেকোনো সময় সেখানে যাব, বাধা ছাড়াই। ইটিপি লক থাকবে কেন?”

তিনি বলেন, যারা নিয়ম মেনে ব্যবসা করেন তাদের সম্মান দিতে হবে। এবং যারা নিয়ম ভাঙ্গেন তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে শাস্তির আহ্বান করেন তিনি।

শিল্প এলাকার দূষণ প্রসঙ্গে রাজীব বলেন, খাল পরিষ্কার বা খনন করলেই হবে না, এর নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের খালের উদাহরণ দিয়ে তিনি বলেন, “এই খালটি খনন করে পরিষ্কার করা হলো, সাতদিন পরে দেখি আবার আগের অবস্থায় ফিরে গেছে। আমরা শুধু প্রোগ্রামের সময় পরিষ্কার করছি, পরবর্তীতে রক্ষণাবেক্ষণের বিষয়গুলোতে উদাসীন হয়ে যাচ্ছি।”

 কারখানা মনিটরিংয়ের বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “অনেক এলাকা নয়, সমস্যা মূলত কয়েকটি এলাকায়। কাঠেরপুলে প্রায় ৩০টি এবং জালকুড়িতে প্রায় ১০ থেকে ১৫টি ফ্যাক্টরি রয়েছে। এসব এলাকায় ঠিকমতো মনিটরিং ও চাপ প্রয়োগ করলে পরিস্থিতির উন্নতি করা সম্ভব।”

দূষণ রোধে আইনের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। সবাইকে সম্পৃক্ত হয়ে নারায়ণগঞ্জকে নিজের শহর মনে করে জনস্বার্থে কাজ করারা আহ্বান করেন রাজীব।

সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়