সোনারগাঁয়ে কৃষকরা পেলেন বিনামূল্যের বীজ-চারা-সার
‘কৃষিই সমৃদ্ধি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা, রাসায়নিক সার, জৈব সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সোনারগাঁ উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়ামে ‘কৃষক প্রণোদনা কর্মসূচি’র আওতায় এ আয়োজন করা হয়।
এদিন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা এসব সামগ্রী বিনামূল্যে গ্রহণ করেন। তাদের কৃষিকাজে পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেবারও আশ্বাস দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।
এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে প্রধান অতিথি করলেও তিনি অনুপস্থিত ছিলেন। পরে সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। মাননীয় সংসদ সদস্যের সার্বিক নির্দেশনায় আজ সোনারগাঁয়ের প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় সরকারি প্রণোদনা পৌঁছে দেওয়া হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা পূরণে ধান চাষের পাশাপাশি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা অত্যন্ত জরুরি। সরকার সবসময় কৃষকদের পাশে আছে এবং আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে।”
কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক বলেন, “বর্তমান সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন ধরনের যুগোপযোগী সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান, আমন এবং বিভিন্ন শাক-সবজি চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ, সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এসব প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং অধিক ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. অলিউল্লাহ খান, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁ কৃষক দলের সভাপতি মো. জফলুল হক প্রমুখ।





































