এনসিপির বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের বিচার দাবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।
মঙ্গলবার (২৩ জুন) রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার ও মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী।
জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। বর্তমানে দলটির রাজনৈতিক অবস্থান জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য বজায় থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী বলেন, দেশের জনগণের ওপর গুম, খুন ও গণহত্যার অভিযোগে অভিযুক্তদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
তিনি আরও বলেন, জনগণের বিরুদ্ধে সহিংসতায় জড়িতদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয়। আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ না থাকাকে দলটির প্রতি জনসমর্থন হ্রাসের প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তানজিমুল ইসলাম, মোহাম্মদ সবুজ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা সাদ্দামসহ অন্যান্য নেতাকর্মীরা।





































