২৪ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৩, ২৪ জুন ২০২৬

আপডেট: ২০:০৪, ২৪ জুন ২০২৬

অনলাইন জুয়া বন্ধে অর্থমন্ত্রীর কাছে সরকারের পরিকল্পনা জানতে চাইলেন এমপি আল আমিন

অনলাইন জুয়া বন্ধে অর্থমন্ত্রীর কাছে সরকারের পরিকল্পনা জানতে চাইলেন এমপি আল আমিন

সংসদে এক প্রশ্নের জবাবে অর্থ (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) মন্ত্রী জানিয়েছেন, দেশে অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫৫ হাজার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের লেনদেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) স্থগিত বা ফ্রিজ করেছে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অনলাইন জুয়ার সাইটে মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে বিপুল অর্থ লেনদেন ও পাচার বন্ধে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী এ তথ্য জানান।

বুধবার (২৪ জুন) প্রশ্নোত্তর পর্বে তিনি এই প্রশ্ন করেন।

অর্থমন্ত্রী বলেন, অনলাইন জুয়া বন্ধে সরকার ১০ এপ্রিল ২০২৬ তারিখে সাইবার সিকিউরিটি আইন, ২০২৬ জারি করেছে। আইনের ২০ ধারায় অনলাইন জুয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আইনের আওতায় জুয়া পরিচালনার জন্য পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি ও পরিচালনা, জুয়ায় অংশগ্রহণ, সহায়তা বা উৎসাহ প্রদান এবং এ সংক্রান্ত প্রচার-প্রচারণা ও বিজ্ঞাপনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এ অপরাধের শাস্তি অনধিক দুই বছরের কারাদণ্ড, অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

তিনি আরও জানান, সাইবার সুরক্ষা আইন জারির পর অনলাইন জুয়া বিষয়ে বিএফআইইউ একটি গোয়েন্দা প্রতিবেদন প্রস্তুত করে গত মে মাসে সিআইডির কাছে পাঠিয়েছে। এ বিষয়ে সিআইডি ইতোমধ্যে মামলা দায়ের করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে অনলাইন জুয়া সংক্রান্ত লেনদেন পর্যালোচনা ও গোয়েন্দা প্রতিবেদন তৈরির কাজও অব্যাহত রয়েছে।

মন্ত্রী বলেন, অনলাইনভিত্তিক জুয়ার কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক ২৮ মে ২০২৫ তারিখে সব এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য একটি নির্দেশনামূলক সার্কুলার জারি করে। এতে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত মার্চেন্ট বা গ্রাহকদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা এবং সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে নিয়মিত প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়