২৩ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১৪, ২৩ জুন ২০২৬

আওয়ামী লীগের সন্ত্রাসীদের পাহারা চলবে ২৬ তারিখ পর্যন্ত: টিপু

আওয়ামী লীগের সন্ত্রাসীদের পাহারা চলবে ২৬ তারিখ পর্যন্ত: টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, “যদি আওয়ামী লীগের সন্ত্রাসীরা নারায়ণগঞ্জের জনগণের জানমালের নিরাপত্তা নষ্ট করে, কোনো অরাজকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাহলে আমরা তাদের ছাড় দেব না। গত পরশু থেকে আমরা তাদের পাহারা দিচ্ছি। আগামী ২৬ তারিখ রাত পর্যন্ত এই পাহারা চলবে। যেখানেই সন্ত্রাসীদের পাওয়া যাবে, সেখানেই তাদের ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।”

মঙ্গলবার (২৩ জুন) সকালে শহরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল শেষে নিতাইগঞ্জে নগরভবনের সামনে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিপু বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চান। তিনি কোনো অরাজকতা, সহিংসতা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা বা ভূমিদস্যুতা দেখতে চান না। আমরা তাকে সমর্থন করি।

“আমরা চাই না নারায়ণগঞ্জের মানুষ কোনো সন্ত্রাসী, গডফাদারের কাছে জিম্মি হয়ে থাকুক। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করবে, সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করবে,” যোগ করেন তিনি।

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, “ওই গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমানের কোনো সমর্থককে আমরা রাজপথে দাঁড়াতে দেবো না। তাদের যেখানেই পাওয়া যাবে, প্রতিরোধ করা হবে।”

তিনি আরও বলেন, “আমাদের সরকার মাত্র চার মাস হয়েছে এসেছে। এখনই তারা অধৈর্য হয়েছে। ১৬ বছর আমরা রাজপথে ছিলাম, মিথ্যা মামলা খেয়েছি, আমরা হামলা খেয়েছি, আমাদের পরিবাররা তাদের কাছে জিম্মি ছিল। কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই। আর তারা ঘোষণা দিয়েই পালিয়ে গিয়েছে। চার মাসের মাথাতেই তাদেরকে খুঁজে পাওয়া যায় না।”

টিপু নারায়ণগঞ্জবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ভূমিদস্যুতা থেকে মুক্ত করার আশ্বাস দিয়ে বলেন, “প্রতিটি ওয়ার্ডে, গ্রামে গ্রামে সতর্ক থাকুন। যেখানেই তাদের দেখা যাবে, প্রতিরোধ করুন।”

সর্বশেষ

জনপ্রিয়