আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন শ্রমিক নেতা হাফিজ
ভারতের বেঙ্গালুরুতে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (ডব্লিউএফটিইউ) এশিয়া আঞ্চলিক সম্মেলন ও সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (এআইটিইউসি) ৪৩তম জাতীয় সম্মেলনে যোগ দিতে ভারত গেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (বিটিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিক নেতা হাফিজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হন তিনি। আমন্ত্রিত বাংলাদেশি শ্রমিক প্রতিনিধি হিসেবে সম্মেলন দুটিতে অংশ নেবেন তিনি।
আগামী ২০ ও ২১ নভেম্বর ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের এশিয়া আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ৪৩তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক প্রতিনিধিরা অংশ নেবেন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি জানায়, সম্মেলনে হাফিজুল ইসলাম বাংলাদেশের শ্রম খাতের বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরবেন।
এ ছাড়া বিভিন্ন দেশের শ্রমিক প্রতিনিধি ও নীতিনির্ধারকদের সঙ্গে তাঁর মতবিনিময়ের কথা রয়েছে। আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবিগুলো তুলে ধরবেন তিনি।
সম্মেলন শেষে আগামী ২৭ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।





































