নাশকতাকারীদের পুলিশে সোপর্দ করার ঘোষণা
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতারা বলেছেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখানো হবে না। কোথাও নাশকতার চেষ্টা করা হলে জড়িত ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের হোসিয়ারি সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। বাংলাদেশের সকল দুর্যোগ সময়ে তারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও এমপিরা পালিয়ে যাওয়ার পর যারা দেশে ছিল, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম। কিন্তু আজকে থেকে বলতে চাই, কোনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা শ্রমিক লীগের কারও প্রতি আর কোনো সহানুভূতি দেখাব না। আগামী দিনে তাদের ধরে আমরা পুলিশে সোপর্দ করব। আজকে যেসব জায়গায় নাশকতার প্রস্তুতি নেওয়া হয়েছিল, জনগণ তা প্রত্যাখ্যান ও প্রতিহত করেছে।”
মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “মানুষ কতটুকু ক্ষুব্ধ ও সচেতন হলে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। এই মিছিল থেকে গোপালগঞ্জের সাধারণ জনগণ এবং নড়াইলের দুইজন বিএনপি নেতাকর্মী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
নারায়ণগঞ্জে কোনো ধরনের অরাজকতা বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, “কেউ যদি ভাবেন নারায়ণগঞ্জকে গোপালগঞ্জ বানাবেন, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা নারায়ণগঞ্জে আওয়ামী লীগকে স্থান দেব না, খুনি ও অগ্নিসংযোগকারীদের ক্ষমা করব না। আমাদের অভিভাবক তারেক রহমানের নির্দেশে আমরা গত তিন দিন ধরে পাড়া-মহল্লায় পাহারা দিচ্ছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নভেম্বর ও ডিসেম্বর মাস রাজপথ আমাদের দখলে থাকবে। নিজ নিজ এলাকায় পাহারা দেওয়ার পাশাপাশি কোনো অগ্নিসংযোগকারী বা সন্ত্রাসী বাড়িতে থাকলে তাদের প্রশাসনের কাছে ধরে দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাসুদ রানা ও ফতেহ রেজা রিপনসহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































