ফতুল্লায় ইততিনাম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইততিনাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার উত্তর মাসদাইর গাবতলী এলাকার দারুল খবির ইসলামিক স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের তথ্যমতে, বৃত্তি পরীক্ষায় ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দারুল খবির ইসলামিক স্কুল, খাদিজা জুনাইসা তালিমুন নিসা মাদ্রাসা, মিফতাহুল উলুম চাঁন গুলশান আরা মাদ্রাসা, মারকাজুত তাক্বওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা, মারকাযুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা, নূরে মদিনা হিফজুল কোরআন মাদরাসা, তানযীমুল কুরআন মডেল মাদ্রাসা ও হযরত ইবনে আব্বাস (রা.) মাদরাসা।
বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অভিভাবকেরা তাঁদের সন্তানদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন।
দারুল খবির ইসলামিক স্কুলের মোতাওয়াল্লি হাজী শেখ খবির উদ্দিন বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই এই স্কুলটি শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ছড়িয়ে আসছে। সেই সঙ্গে আমাদের এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝেও বেশ আগ্রহ রয়েছে। সকলে মিলেই এই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি।’
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাওলানা আফফান আমীন বলেন, ‘আগে এই বৃত্তি পরীক্ষা ঢাকা কিংবা আশপাশ এলাকায় হতো। এ বছর আমরা আমাদের দারুল খবির ইসলামিক স্কুলে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। সেই সঙ্গে বেশ শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দারুল খবির ইসলামিক স্কুলটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ছড়িয়ে আসছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণের জন্য। ছোট থেকেই শিক্ষার্থীদের সকল বিষয়ে পারদর্শী করে গড়ে তোলার জন্য কাজ করে থাকি।’





































