২০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৬, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:১৬, ১৯ নভেম্বর ২০২৬

আ.লীগ নেতাদের পক্ষে দাঁড়ালে বিএনপির আইনজীবীদের কালো তালিকাভুক্তির হুঁশিয়ারি টিপুর

আ.লীগ নেতাদের পক্ষে দাঁড়ালে বিএনপির আইনজীবীদের কালো তালিকাভুক্তির হুঁশিয়ারি টিপুর

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের পক্ষে কোনো বিএনপিপন্থী আইনজীবী ওয়াকালতনামায় স্বাক্ষর করলে তাঁদের কালো তালিকাভুক্ত করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ বার ভবনের সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

আবু আল ইউসুফ খান টিপু বলেন, “আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপর নাম চাঁদাবাজি, অগ্নিসংযোগ, ধর্ষণকারী, খুনি, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংসকারী, বাংলাদেশের মানুষকে জিম্মি করে তাদের সম্পদ কেড়ে নিয়ে বিদেশে পাচার করা। আওয়ামী লীগ বারবার ক্ষমতায় থেকে সন্ত্রাস, খুন, ডাকাতি, এ দেশের সম্পদ লুটপাট করেছে। এক বছর হয়নি ক্ষমতাচ্যুত হয়ে ১ হাজার ৪০০ মা-বোন, ভাই ও ছাত্রসমাজকে খুন করে দেশ থেকে পালিয়েছে। আজ আবার বাংলাদেশের মানুষকে জিম্মি করতে চায়, খুন করতে চায়, অগ্নিসংযোগ করতে চায়। আমরা ক্ষমতায়, অথচ আমাদের এমপিদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। আমাদের নেতা-কর্মীদের আহত, হত্যা করা হয়। গতকাল অগ্নিসংযোগ করে দুইজনকে হত্যা করেছে।”

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের কি লজ্জা হয় না? তোমরা পালিয়ে গিয়েছ। আবার বাংলাদেশে আসতে চাও। তোমরা তোমাদের সন্তান, নেতা-কর্মীদের নিয়ে পালিয়ে যাও। তারপরে তোমরা কী মুখে, কীভাবে এখানে আসবে? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান আমাদের রেখে পালিয়ে যান নাই।”

আওয়ামী লীগপন্থী আইনজীবীদের উদ্দেশে টিপু বলেন, “কিছু আইনজীবী আছে, যারা অরাজকতা সৃষ্টি করতে চায়। একসময় শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালন করতে দেননি। তবু এখন আইনি পেশায় আছেন। পেশাটাই করেন, অন্যকিছু করতে চাইলে তবে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “গোপালগঞ্জে প্রশাসন, এমপিতে জিম্মি, খুন, অগ্নিসংযোগ করতে চান। গোপালগঞ্জ আর নারায়ণগঞ্জ এক না। নারায়ণগঞ্জে যদি কোনো বিএনপি নেতা-কর্মীর গায়ে হাত দেওয়া হয়, তাহলে তার বংশ নির্বংশ করে দেওয়া হবে। যত বড় গডফাদার হন না কেন। ভালো হয়ে যান। দেশের, জনগণের জান-মাল জিম্মি করবেন না।”

নারায়ণগঞ্জের জনগণকে শান্তি দেওয়া বিএনপির দায়িত্ব উল্লেখ করে টিপু বলেন, “আমাদের প্রতিটি নেতা-কর্মী, প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে পাহারা দিচ্ছে। আমি আইনজীবী ভাইদের বলব, আপনারা যে এলাকায় থাকেন, ওই এলাকার মূল দলের সঙ্গে মিলে পাহারা দেবেন। আদালত প্রাঙ্গণ পাহারা দেবেন।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “অতি শিগগিরই অগ্নিসংযোগ, সন্ত্রাস, অরাজকতা, নৈরাজ্য যদি বন্ধ না করা হয়, আমরা নারায়ণগঞ্জ ঘেরাও করে আওয়ামী লীগারদের ঘর থেকে বের করে দেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়