দুই মাস পর বন্দরে সেই কুমির উদ্ধার, নেওয়া হচ্ছে সাফারি পার্কে
নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে চলে আসা সেই কুমিরটি অবশেষে দুই মাস পর উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার করা কুমিরটি চিকিৎসা ও সংরক্ষণের জন্য গাজীপুরের সাফারি পার্কে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।
এর আগে গত সোমবার ওই পুকুরে কুমিরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিরটির অবস্থানের খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগের নজরে এলে উদ্ধার অভিযান শুরু হয়। টানা তিন দিনের চেষ্টার পর বৃহস্পতিবার জাল ফেলে কুমিরটি উদ্ধার করতে সক্ষম হন বন বিভাগের উদ্ধারকারী দলের সদস্যরা।
উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, “দুই দিন আগে আমরা জানতে পারি কুমির ফের দেখা গেছে আর সেদিন থেকেই আমরা উদ্ধারকাজ শুরু করি। আমাদের উদ্ধারকারী দল তৃতীয়বারের চেষ্টায় কুমিরটা ধরতে পেরেছে। বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের স্পেশাল টিম এখানে কাজটা করেছে। এটা একটা মিঠাপানির কুমির।”
কুমিরটি গাজীপুর সাফারি পার্কে নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “কুমিরটাকে সেখানে চিকিৎসা দিয়ে সংরক্ষণ করা হবে। এরপরে প্রাণী বিশেষজ্ঞ যখন মনে করবে কুমিরটা উন্মুক্ত পরিবেশে ছাড়ার সময় হয়েছে, তখন এটাকে অবমুক্ত করা হবে।”
কুমিরটি কীভাবে লোকালয়ে এসেছে, সে বিষয়ে জয়নাল আবেদীন কামরুল বলেন, “পাশে নদী আছে, এই নদীর মাধ্যমেই কুমিরটি হয়তো এখানে চলে এসেছে। মানিকগঞ্জেও আমরা কুমির পেয়েছি, সেটা উন্মুক্ত করে দিয়েছি।”
এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যায় বলে ধারণা করা হয়।
খবর পেয়ে বন বিভাগ ও ঢাকা থেকে আসা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। তবে কুমিরটির অবস্থান শনাক্ত করতে না পারায় সে সময় অভিযান সফল হয়নি।
এরপর দীর্ঘদিন কুমিরটির সন্ধান না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করে উপজেলা প্রশাসন। অবশেষে প্রায় দুই মাস পর কুমিরটি উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।





































