২০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২১, ১৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে শাহ আলম মানিকের নেতৃত্বে বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জে শাহ আলম মানিকের নেতৃত্বে বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিকের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে চাষাঢ়া-আদমজী সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি ও সমাবেশে অংশ নেন তাঁরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ আলম মানিক বলেন, “কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ লকডাউনের নামে দেশব্যাপী আবারও নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে রাজপথে আমাদের এই সতর্ক অবস্থান। কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না।”

এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহসভাপতি সেলিম শেখ, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি মো. হানিফ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সদস্য আব্দুল্লাহ প্রধান ও শাহ আলম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বাবুল, ৭ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি সোলাইমান, ৮ নম্বর ওয়ার্ড জাসাসের সহসভাপতি সুমন আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক ইকবাল আহম্মেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে তাঁরা রাজপথে অবস্থান নিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়