২০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৫, ১৯ নভেম্বর ২০২৬

লক্ষ্য স্থির করে এগোলে সফলতা অর্জন সম্ভব: অধ্যাপক কায়কোবাদ

লক্ষ্য স্থির করে এগোলে সফলতা অর্জন সম্ভব: অধ্যাপক কায়কোবাদ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেছেন, ‘পঞ্চাশ বা সত্তর বছর আগে নারায়ণগঞ্জ শহরের যে প্রসিদ্ধি ছিল, যে পরিমাণ বিখ্যাত ছিল, সেটা কীভাবে পুনরুদ্ধার করা যায়? তোমরা ছাত্র হিসেবে যে কাজটি করতে পার, তোমরা ভালো লেখাপড়া করে বুয়েট, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হবে। লক্ষ্য যদি থাকে, সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। পানার মতো ভেসে না থেকে তোমরা রীতিমতো নিজেদের লক্ষ্য স্থির করে সে লক্ষ্যে পৌঁছাবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে আয়োজিত পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘আমাদের অধ্যক্ষ মোসাদ্দেক স্যার খুব চেষ্টা করেন তোমাদের নানাভাবে উৎসাহিত করতে। আমাদের ডাকেন, আমরাও আনন্দের সঙ্গে আসি, যেহেতু তোমরা আমাদের কথা শোনো। তবে খুব ভালো লাগবে, এবার নারায়ণগঞ্জ থেকে যদি বুয়েটে আরও বেশি ছাত্রছাত্রী ভর্তি হতে পারে, তাহলে অনেক আনন্দের ব্যাপার হবে।’

তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়াশোনা করার ওপর গুরুত্বারোপ করেন।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামের হেড অব স্কুল ও ইউনিসেফের অধ্যাপক ড. ফারজানা আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিশির ঘোষ অমর, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের সহকারী অধ্যাপক শাখাওয়াত হোসেন, আবু তালেব, আবু তাহের, উমর ফারুক ও আরিফুর রহমান।

সর্বশেষ

জনপ্রিয়