নাশকতা প্রতিরোধে পাড়া-মহল্লায় সতর্ক থাকার আহ্বান সজলের
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের চেষ্টা প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়ে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম সজল বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যাতে করে আগুন সন্ত্রাসীরা সাধারণ মানুষের জানমালের কোনো ধরনের ক্ষতি সাধন করতে না পারে।”
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি দেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। দলটি অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সজল আরও বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় যুবদলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সজাগ ও সতর্ক থাকতে হবে। কোথাও যাতে অগ্নিসংযোগ, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।





































