০১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৩, ৩১ অক্টোবর ২০২৬

রেড ক্রিসেন্টের প্রথম নির্বাচনে নবী-টিপু প্যানেলের জয়

রেড ক্রিসেন্টের প্রথম নির্বাচনে নবী-টিপু প্যানেলের জয়

নারায়ণগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের প্রথম নির্বাচনে নবী-টিপু প্যানেল জয় পেয়েছে। নির্বাচনে সেক্রেটারি পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদেও জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নবী হোসেন।

আর পদাধিকারে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

শনিবার (৩১ অক্টোবর) জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৯৯৭ ভোটারের মধ্যে ৩৩৮ জন ভোট দেন।

এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে বিএনপি নেতাদেরই আধিক্য ছিল। সেক্রেটারি পদে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু পেয়েছেন ১৮৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান রেজা পেয়েছেন ১৫৪ ভোট।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে সর্বোচ্চ ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এ ছাড়া নির্বাচিত অন্য চার সদস্য হলেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ২৮১ ভোট, অ্যাডভোকেট মো. জাকির হোসেন ২৭৫ ভোট, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট।

এ পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, যিনি পেয়েছেন ১১০ ভোট। মো. হারুন অর রশীদ খান পেয়েছেন ৯১ ভোট এবং মোহাম্মদ নাজমুল হক পেয়েছেন ৮৭ ভোট।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন।

নির্বাচন পরিদর্শন ও ভোট দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। কমিটির অন্য সদস্যরা ছিলেন তাঁর স্ত্রী অধ্যাপক বদরুননাহার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক সামছুন নূর বাঁধন, ব্যবসায়ী নেতা মো. সোহেল আক্তার সোহান এবং জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাবুল।

নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১ বছরের ইতিহাসে এটাই প্রথম নির্বাচন। ঐতিহাসিক বিবেচনায় দিনটি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। নির্বাচিতরা সমাজসেবায় ভূমিকা রাখবেন। আর যারা নির্বাচিত হতে পারেননি, তারাও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য হিসেবে বিজয়ীদের সঙ্গে মিলেমিশে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন।

সর্বশেষ

জনপ্রিয়