সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৮ জন সহ ১৬ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলার আট আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সামারি ট্রায়ালের ছয় অভিযুক্ত, একজন পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার আটজন হলেন আক্তার হোসেন (৩৮), কেরামত আলী (৫২), মো. আমিনুল ইসলাম (৫০), মো. হেলাল উদ্দিন শিকদার (৫৫), মো. মাসুদুল হক শামীম (৫১), মো. আবুল কালাম (৪৬), নোমান আহম্মেদ (৩১) ও মো. শাকিল (৩২)।
পুলিশের দাবি, গ্রেপ্তার আক্তার হোসেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ‘ক্যাডার’। কেরামত আলী ৬ নম্বর ওয়ার্ড তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নোমান আহম্মেদ সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের নেতা। অন্যদের কয়েকজনকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
একই অভিযানে সামারি ট্রায়ালের অভিযুক্ত ইয়াছিন (২৯), সাগর (২৬), আকাশ (২৮), মোস্তাক (৩০), উজ্জ্বল (৩৫) ও মো. ফয়সাল মিয়াকে (৩১) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সিআর পরোয়ানামূলে সেলিম রায়হান সেন্টু এবং নিয়মিত মামলায় আল-আমিন শেখকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ১৬ জনকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





































