২১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৪৯, ২১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যায় ভাসছে মাথাবিহীন মরদেহ

সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যায় ভাসছে মাথাবিহীন মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মাথাবিহীন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা গেছে। মরদেহটির পরনে কালো রঙের হাফপ্যান্ট রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের পেপার মিলের সামনে শীতলক্ষ্যা নদীতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আনন্দ জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। দীর্ঘ সময়েও পুলিশ ঘটনাস্থলে না পৌঁছালে স্থানীয় সাংবাদিক ফারুক হোসেনকে বিষয়টি জানানো হয়।

পরে ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। ওই কর্মকর্তা ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানান।

স্থানীয়দের ভাষ্য, মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় শরীরে পচন ধরেছে। মরদেহটির পরনে কালো রঙের হাফপ্যান্ট থাকলেও মাথা দেখা যায়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “মরদেহের বিষয়ে একটি ফোন পেয়েছি। এসআই অলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়