যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: এসপি হাবিব
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেছেন, যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি, গ্যাং কালচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।
জেলা পুলিশের আয়োজনে সকাল ১০টায় অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। ফিতা কাটার মধ্য দিয়ে তিনি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলা পুলিশ জানায়, প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সাতটি থানার ৭টি পুরুষ ও ৭টি নারী কাবাডি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনের পর পুলিশ লাইন্স ড্রিল শেডের ম্যাটে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।





































