আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে টেক্সটাইল কারখানাকে লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে একটি টেক্সটাইল কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার কাঠালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছালাইউদ্দিন আহমেদ টেক্সটাইল (প্রা.) লিমিটেডকে এ জরিমানা করা হয়।
আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আড়াইহাজার থানা-পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী দুপ্তারার কাঠালিয়াপাড়ায় অবস্থিত ছালাইউদ্দিন আহমেদ টেক্সটাইল (প্রা.) লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





































