সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত নয়, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়।
পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারীর আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে আটক ব্যক্তিদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল কাদের হোসেন ওরফে ফালান (৪০), আনোয়ার হোসেন কুট্টি (৪০), জামাল (২৮), উৎস (১৯), অনন্ত রায় (১৯), নাজমুল (১৯), রিপন (২৬), সবুজ মাঝি (২৮), রাজা মিয়া (২৬), হাসান (২৮) ও মেহেদী হাসান (২০)। তাদের সবার বাড়ি সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায়।





































