ইসদাইরে রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক ও সহযোগী সোহেল আটক
নারায়ণগঞ্জের ইসদাইর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রাজ্জাক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক ও তার সহযোগী সোহেলকে ঢাকায় অভিযান চালিয়ে আটক করেছে র্যাব।
বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে ঢাকার একটি এলাকা থেকে আব্দুর রাজ্জাক ও তার সহযোগী সোহেলকে আটক করা হয়। পরে রাতেই তাদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।
এসআই শামীম হোসেন জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ চাষাঢ়ায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি।
তিনি আরও জানান, রাজ্জাকের সহযোগী সোহেলকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।





































