বুলবুল হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা জাহিদ আল-আমীন বুলবুল হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে চাষাঢ়া থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, জেলা সভাপতি আলহাজ্ব আবদুর রশিদ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদ।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ মুহাম্মাদ রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী মানসুর আহমদ সাকী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। প্রশাসনের ব্যর্থতার কারণেই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল-আমীন বুলবুল হত্যার শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম আসছে, তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ছিল। প্রশাসন সময়মতো তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনলে তারা আরও অপরাধ করার সুযোগ পেত না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে অন্যান্য বক্তারা বুলবুল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা চাষাঢ়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিহত জাহিদ আল-আমীন বুলবুলসহ সকল নিহতের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।





































