জুলাই স্মৃতিস্তম্ভে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে আয়োজিত এ কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য প্রেরণা হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণের পাশাপাশি জুলাই গণহত্যার বিচার, আহতদের যথাযথ পুনর্বাসন এবং জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা সময়ের দাবি। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম, মহানগরের সমন্বয়কারী মো. বিপ্লব খাঁন, জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রানি সরকার, জেলার সদস্য আব্দুল আল মামুন, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নাজমা বেগম, গণসংহতি আন্দোলন মহানগরের সদস্য জাহাঙ্গীর আলম বাবু ও মো. শাহজালাল এবং ১২ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব মানিক মিয়া।
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মৃতির প্রতি পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের স্বপ্নের গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।





































