রূপগঞ্জে দূষণ বন্ধে রনি নীট কম্পোজিটকে ১৫ দিনের সময়
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব এলাকার রনি নীট কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে অপরিশোধিত তরল বর্জ্য ও রাসায়নিক পদার্থ সরাসরি পরিবেশে নির্গমনের অভিযোগে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল রূপগঞ্জ উপজেলার রূপসীর খাদুন এলাকায় এলাকায় অবস্থিত রনি নীট কম্পোজিট লিমিটেড কারখানা পরিদর্শন করে। পরিদর্শন প্রতিবেদন ও নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটি অপরিশোধিত তরল বর্জ্য ও কেমিক্যাল সরাসরি পরিবেশে নির্গমনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করছে।
এ ঘটনায় ৪ আগস্ট পরিবেশ অধিদপ্তরে প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৭ অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে কারখানার সৃষ্ট পরিশোধিত তরল বর্জ্য অপসারণের সচিত্র প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
আদেশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয়ে ওয়েবসাইটে দেওয়া রনি নীট কম্পোজিট লিমিটেডের যোগাযোগের নম্বরে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।





































