তোলারাম কলেজের সংঘর্ষে নিন্দা ছাত্র ফ্রন্টের, সুষ্ঠু তদন্তের দাবি
সরকারি তোলারাম কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গত কয়েকদিন ধরে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিমা আক্তার।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। সেখানে পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণ, কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় দীর্ঘ সময় ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
তারা বলেন, ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যকার এ সংঘাত শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করছে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা এবং সরকারি তোলারাম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও জবাবদিহির অভাবে শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি হচ্ছে। তারা অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।





































