তোলারাম কলেজে সংঘর্ষের পর ছাত্রাবাসে হামলার তদন্তের দাবি
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ছাত্রাবাসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বহিষ্কার এবং সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’ নারায়ণগঞ্জ শাখা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাহফুজ খান। তিনি জানান, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে তোলারাম কলেজের পদ্মা মিলনায়তনে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিকেল সাড়ে ৫টার দিকে একদল নেতাকর্মী ছাত্রাবাসে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া ও সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অনিকের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল ছাত্রাবাসের দারোয়ানকে মারধর করে জোরপূর্বক ভেতরে ঢুকে পড়ে। তারা কক্ষে ঢুকে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় ছাত্রশক্তির ২ জন সমর্থক ও ৩ জন সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়। হামলাকারীরা রামদা, রড ও অন্যান্য বস্তু দিয়ে মারধর করে তাদের রক্তাক্ত করে।
এছাড়া হামলার সময় আইফোন, স্যামসাং মোবাইল, ল্যাপটপ, ট্যাব ও নগদ অর্থসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ করা হয়। একই সঙ্গে ভাঙচুরে আরও প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে এ ঘটনাকে ‘সাধারণ রাজনৈতিক সংঘাত নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে প্রশাসনের কাছে ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—আহতদের চিকিৎসা ব্যয় বহন ও ক্ষতিপূরণ, জড়িতদের বহিষ্কার ও আইনের আওতায় আনা, লুট হওয়া মালামাল ফেরত, ঘটনার নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা।
মাহফুজ খান স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে তিনি ছাত্রদল ও ছাত্রশিবিরকে সহিংসতার পথ পরিহার করে সংলাপে আসার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব সারফরাজ হক সজীব, মুখ্য সংগঠক নাজমুল ইসলাম, মহানগরের আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জহিরুল ইসলাম এবং মুখ্য সংগঠক সিফাত দেওয়ান।





































