১৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩১, ১৯ জুন ২০২৬

দাবিসপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জে বাসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

দাবিসপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জে বাসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নারায়ণগঞ্জে ‘দাবি সপ্তাহ’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে । কর্মসূচিতে ধনী তোষণের বাজেট প্রত্যাহার, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ এবং জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানানো হয়।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্র ঘোষিত ১৯ থেকে ২৫ জুন ‘দাবি সপ্তাহ’ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব।

বক্তারা বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা ঘাটতি রাখা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তারা অভিযোগ করেন, ঘাটতি পূরণে দেশি-বিদেশি ঋণের ওপর নির্ভরতা বাড়ানো হচ্ছে এবং ঋণের সুদ পরিশোধেই বিপুল অর্থ ব্যয় হচ্ছে।

তারা আরও বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্য বাস্তবসম্মত নয় এবং আইএমএফের পরামর্শে পরোক্ষ করের বোঝা জনগণের ওপর চাপানো হয়েছে, অথচ ধনীদের স্বার্থে উৎসে কর কমানো হয়েছে। বাজেটে কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্পষ্ট দিকনির্দেশনা নেই বলেও তারা দাবি করেন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাত বরাবরই উপেক্ষিত থাকছে, অন্যদিকে সামরিক ও অনুৎপাদনশীল খাতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াকে তারা সংবিধানবিরোধী ও দুর্নীতিকে উৎসাহিত করার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তারা বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অসম বাণিজ্য চুক্তি দেশের কৃষি, ওষুধশিল্প ও বাণিজ্য খাতের জন্য ক্ষতিকর। এসব সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে তারা গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতিত্ব করেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এম এ মিল্টন, সদস্যসচিব এস এম কাদির, বাসদ বর্ধিত ফোরামের সদস্য সাইফুল ইসলাম শরীফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়