উপকেন্দ্রে ‘লাইন ত্রুটি’: নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট
নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের এলাকায় সকাল থেকে বিদ্যুৎ নেই। এতে তীব্র গরমে চরম ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা।
তবে, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, সরবরাহকারী একটি বিদ্যুৎ কেন্দ্রে 'লাইন ত্রুটি'র কারণে এ সমস্যা দেখা দিয়েছে। কখন নাগাদ এ সমস্যার সমাধান হতে পারে তা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ দক্ষিণের প্রধান প্রকৌশলী কামাল হোসেন।
খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, উকিলপাড়া, গলাটিপা, কালিরবাজার, আমলাপাড়া, টানবাজার, কাশীপুরসহ আশেপাশের কয়েকটি এলাকায় সকাল থেকে বিদ্যুৎহীন রয়েছে।
টানবাজারের ব্যবসায়ী সিজান আহমেদ বলেন, “সকাল দশটায় মার্কেটে গিয়ে দেখি কারেন্ট নাই। তীব্র গরমে খুবই খারাপ অবস্থা। পরে দোকান বন্ধ করে বাসায় চলে আসছি একটায়। এসে দেখি এখানেও কারেন্ট নাই।”
কাশীপুরের বাসিন্দা রেহানা পারভীন বলেন, “আমাদের বাড়িতে গ্যাস সংযোগ নেই। রান্না চলে ইলেক্ট্রিক চুলাতে। আজ সকাল থেকে বিদ্যুৎ না থাকায় খাবার কিনে খেতে হয়েছে।”
পূর্ব কিংবা পরবর্তী কোনো ঘোষণা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান এ এলাকার আরেক বাসিন্দা কুলসুম বেগম। তিনি বলেন, “বিদ্যুৎ আসতে দেরি হবে এমন কোনো মাইকিং আমরা শুনিনি। যার কারণে রেগুলার লোডশেডিং ভেবে পানি স্টোর করে রাখিনি। এখন তো বিদ্যুৎ দেরিতে আসলে পানির সংকটেও পড়তে হবে।”
তবে, নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে বিদ্যুতের কোনো বিঘ্ন নেই বলে জানিয়েছেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জসিম উদ্দিন।
ডিপিডিসির প্রকৌশলী কামাল হোসেন বলেন, হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে 'লাইন ত্রুটি' দেখা দিয়েছে। এ কারণে এ কেন্দ্র থেকে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হতো তা বন্ধ রয়েছে।
“এ কেন্দ্রটি পিজিসিবির আন্ডারে। তারা যখন ত্রুটি মেরামত করবে তখন আবার বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম স্বাভাবিক হবে। তবে, পিজিসিবির থেকে কখন তা ঠিক করা হবে সে বিষয়ে কিছু আমাদের জানানো হয়নি।”
বেলা তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।





































