০৭ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৫, ৭ জুন ২০২৬

আপডেট: ২০:৩৪, ৭ জুন ২০২৬

নারায়ণগঞ্জে সোমবারও ১০ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা

নারায়ণগঞ্জে সোমবারও ১০ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা

ঢাকার হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে ত্রুটির কারণে রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ শহরসহ জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে বিকেলে বিকল্প গ্রিড থেকে সরবরাহ স্বাভাবিক করা হলেও সোমবার রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডিপিডিসি সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ১১টার দিকে হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের একটি তার ছিঁড়ে গেলে নারায়ণগঞ্জের পূর্ব ও পশ্চিম- দুই জোনের বিদ্যুৎ সরবরাহ একযোগে বন্ধ হয়ে যায়। এতে শহর ও আশপাশের এলাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দেয়।

ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, “হাসনাবাদে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই জোনেই বিদ্যুৎ ছিল না। বিকেলে চাহিদা কমে আসায় এবং বিকল্প পাঁচটি গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “হাসনাবাদ গ্রিডে ত্রুটি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত সোমবার প্রায় ১০ ঘণ্টা লোডশেডিং হতে পারে। তবে রোববার রাতে লোডশেডিং হওয়ার সম্ভাবনা নেই।”

এদিকে ডিপিডিসি নারায়ণগঞ্জের আরেক প্রকৌশলী কামাল হোসেন বলেন, “হাসনাবাদ উপকেন্দ্রটি ডিপিডিসির আওতাধীন নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতকাজ শেষ না করা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। সে কারণে সাময়িকভাবে লোডশেডিং অব্যাহত থাকতে পারে।”

হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে দিনভর ভোগান্তিতে পড়া নগরবাসী দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়