সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামির নাম ইলিয়াস হোসেন ওরফে জয় (২৭)। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গোকনগর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নয়ামাটি এলাকায় বসবাস করতেন।
প্রাথমিক তদন্তের বরাতে ব়্যাব জানায়, ২০১৯ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি হত্যা মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের একটি আদালত ইলিয়াস হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
পলাতক এই আসামিকে গ্রেপ্তারের লক্ষে র্যাব-১১ দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় তার অবস্থান নিশ্চিত হয়ে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।





































