শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি
ফুটবল বিশ্বকাপে পরবর্তী ম্যাচের জন্য শুভেচ্ছা জানিয়ে নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেল তিনটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া এলাকায় এসে শেষ হয়। এ সময় পুরো এলাকা আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।
র্যালিতে অংশ নেন বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা। হাতে ব্রাজিলের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা ‘ব্রাজিল জিতবে বিশ্বকাপ’, ‘ফুটবল আমাদের আবেগ’সহ নানা স্লোগানে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। র্যালি চলাকালে গান-বাজনা ও উচ্ছ্বাসে পুরো শহর এক ভিন্ন আবহে রূপ নেয়।
ব্রাজিল সমর্থক তন্ময় রাইয়ান বলেন, “ব্রাজিল মানেই আমাদের আবেগ। আশা করছি এবার হেক্সা মিশন পূরণ হবে। তবে জয়-পরাজয় যাই হোক, আমরা সবসময় এই দলের সাথেই থাকবো।”
আরেকজন অংশগ্রহণকারী সোহেল বলেন, “নারায়ণগঞ্জে ফুটবল নিয়ে এমন আয়োজন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও আনন্দ বাড়াক। আমরা চাই নিয়মিত এমন ক্রীড়া-উৎসব হোক, খেলাধুলার আয়োজনও বাড়ুক।”
র্যালির অন্যতম উদ্যোক্তা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, “খেলাধুলা সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করে। ব্রাজিল সমর্থকদের এই আয়োজন নারায়ণগঞ্জের ক্রীড়াপ্রেমী মানসিকতার প্রতিফলন।”
তিনি আরও বলেন, “যুবসমাজকে ইতিবাচক কাজে যুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতিকে আরও দৃঢ় করবে।”





































