নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী জব্বার
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী, নাসিকে জামায়াতের প্রার্থী হচ্ছেন দলটির মহানগর শাখার আমীর ও সাবের শিবির নেতা মাওলানা আবদুল জব্বার।
শুক্রবার (১৯ জুন) সকালে এক কর্মী সভায় দলটির কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান এ নাম ঘোষণা করেন। যদিও আগে থেকেই জব্বারের নামই নাসিকের মেয়র পদে প্রার্থী হিসেবে আলোচনা ছিল।
সকালে নগরীর মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তার নাম ঘোষণা করেন শফিকুর রহমান।
এ সময় তিনি নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বমুক্ত, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ জন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের ওপর জোর দেন।
একইসঙ্গে তিনি অনির্বাচিত প্রশাসক অপসারণ করে দ্রুত সিটি করপোরেশন নির্বাচন দেওয়ার দাবি জানান।
মাওলানা জব্বারের স্থায়ী নিবাস চট্টগ্রামে। তিনি জামায়াতে ইসলামীর সহযোগী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি থেকে উঠে এসেছেন। ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতিও। পরে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতিতে সরাসরি যুক্ত হন। দলটির ঢাকা মহানগরের নেতৃত্বেও ছিলেন।
২০২২ সাল থেকে নারায়ণগঞ্জ মহানগরের আমীরের দায়িত্ব পালন করা মাওলানা আবদুল জব্বার গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন। জামায়াত তাকে আসনটিতে মনোনীতও করেছিল। কিন্তু জোটের শরিক দল এনসিপিকে আসনটি ছেড়ে দিলে শেষ মুহুর্তে জব্বার প্রার্থিতা থেকে সরে দাঁড়ান।
আলোচনা রয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত কিংবা তাদের শরিক দলগুলো জোটগতভাবে অংশ নিবে না। এখন পর্যন্ত জামায়াতের বাইরে শরিক দলের মধ্যে এনসিপি, খেলাফত মজলিসও তাদের প্রার্থীদের প্রায় চূড়ান্ত করে রেখেছে বলে জানা যাচ্ছে।





































