পরিকল্পিত নগরায়নে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু
নারায়ণগঞ্জের পরিকল্পিত নগর উন্নয়ন, টেকসই নগর ব্যবস্থাপনা এবং অবকাঠামো সম্প্রসারণ নিশ্চিত করতে সরকার আনুষ্ঠানিকভাবে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনডিএ) প্রতিষ্ঠা করেছে সরকার। মঙ্গলবার (৩ জুন) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৪-এর উপধারা (১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই স্বতন্ত্র কর্তৃপক্ষটি গঠন করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব অভিজিৎ রায় এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ থেকে জারি করা এই নির্দেশনা অনুযায়ী, নতুন গঠিত এই কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ এলাকা এবং এর আশপাশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করবে। এর মূল কাজের মধ্যে রয়েছে—ভূমি ব্যবহার ব্যবস্থাপনা, আবাসন উন্নয়ন, আধুনিক নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণসহ সংশ্লিষ্ট সকল উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বিত বাস্তবায়ন।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্পনগরী নারায়ণগঞ্জে দ্রুত নগরায়ণের ফলে দীর্ঘ সময় ধরে যে বিভিন্ন ধরনের পরিকল্পনাগত চ্যালেঞ্জ ও সমন্বয়হীনতা তৈরি হচ্ছিল, এই নতুন স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে তার অবসান ঘটবে। দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক জনসেবার মানোন্নয়নে এই প্রশাসনিক কাঠামো অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
এর মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও শিল্প জোন নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও পরিকল্পিত হবে।





































