১৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১১, ১৯ জুন ২০২৬

নারায়ণগঞ্জকে শান্তির নগরী গড়ার অঙ্গীকার আবদুল জব্বারের

নারায়ণগঞ্জকে শান্তির নগরী গড়ার অঙ্গীকার আবদুল জব্বারের

নারায়ণগঞ্জকে সন্ত্রাস, অপহরণ ও চাঁদাবাজিমুক্ত একটি সুশাসিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার।

তিনি বলেন, “আমরা আগামী দিনে এমন একটি শান্তির নগরী হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে চাই, যেখানে আর কোনো মানুষের লাশ পড়বে না।”

শুক্রবার (১৯ জুন) সকালে নগরীর মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক কর্মী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

​আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ টেনে মাওলানা জব্বার বলেন, “নির্বাচন নিয়ে আমাদের আমীরে জামাত যে নতুন নির্দেশনা দেবেন, সেই নির্দেশনাকে সামনে রেখে আমরা আগামী দিনে পথ চলব। আমরা এমন ব্যক্তিদের সমাজের পরিচালনার জন্য দায়িত্ব দিতে চাই, যাদের সাথে দুর্নীতির ‘দ’ পর্যন্ত থাকবে না; যাদের সাথে সন্ত্রাসের ‘স’ পর্যন্ত থাকবে না এবং যাদের সাথে চাঁদাবাজির ‘চ’ পর্যন্ত থাকবে না।”

​তিনি আরও বলেন, “আমরা এমন এক নারায়ণগঞ্জ দেখতে চাই, যেখানে কোনো অপহরণ, চাঁদাবাজি, খুনাখুনি কিংবা জমি দখল থাকবে না। আজকের এই কর্মী সম্মেলন হোক আমাদের আগামীতে পথ চলার এবং একটি ‘নতুন নারায়ণগঞ্জ’ গঠনের জন্য মাইলফলক।”

​সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর কয়েকশʼ কর্মী ও সমর্থকেরা ব্যানার ও ফেস্টুনসহ মিছিল নিয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমবেত হতে শুরু করেন। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ঈদগাহ মাঠ ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়