১৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৬, ১৯ জুন ২০২৬

আপডেট: ২১:২৭, ১৯ জুন ২০২৬

ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ শ্রমিক

ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ শ্রমিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানিমুখী পোশাক তৈরির একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকালে পাগলা তালতলা এলাকায় নির্ঝর নিটওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটে। ভবনটির নিচে মার্কেট ও ঢাকা ব্যাংকের একটি শাখা রয়েছে। 

আহতরা হলেন: অন্তঃসত্ত্বা শ্রমিক খাদিজা বেগম (২০), সাবিনা বেগম, মোহাম্মদ শাহীন (২৫), জাকির হোসেন (২৫), মঞ্জু মিয়া (২৮),  আরিফিন (২২) ও হৃদয় (২৭)।

আহতরা সবাই কারখানাটির কাটিং বিভাগের শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বরাতে পুলিশ জানায়, শুক্রবার ছুটির দিন হলেও কারখানাটিতে উৎপাদন কার্যক্রম চলছিল। সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর তৃতীয় তলায় অবস্থিত একটি বয়লার অতিরিক্ত হিটের কারণে হাঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় আশেপাশের দেয়াল ও কাচের দরোজা ভেঙে যায়। এবং সেখানে কর্মরত সাত শ্রমিক আহত হন। পরে সহকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে অভিযোগ রয়ছে, কারখানার দীর্ঘদিনের পুরোনো বয়লারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন বয়লার বসানোর জন্য মালিকপক্ষকে বেশ কয়েকবার অনুরোধ করেছিলেন শ্রমিকেরা। কিন্তু মালিকপক্ষ তাতে সাড়া দেননি।

এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ছুটির দিনে কারখানা চালু রাখায় তারা ক্ষোভ প্রকাশ করেন অনেকে। সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আহতদের সুচিকিৎসার ব্যবস্থার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেন। দুপুর ১২টার দিকে সড়কে যান চলাচল শুরু হয় বলেন জানান ফতুল্লা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মিলন ফকির।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কারখানাটির চেয়ারম্যান মোহাম্মদ নূরুন্নবী চৌধুরীর মুঠোফোনের নম্বরে যোগাযোগের করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ

জনপ্রিয়