মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার: ও.পি.এ
সমাজে শান্তি প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ)-এর মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন সংগঠনটির প্রচার ও জনসংযোগ প্রধান সোহাদ হোসেন প্রান্ত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকার লোকমান টাওয়ারস্থ আমিন চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে সংগঠনটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় রমজান মাসকে কেন্দ্র করে দুস্থ ও অসহায় মানুষের সহায়তা কার্যক্রম জোরদারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পাশাপাশি সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, ফান্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং ডিজিটাল মাধ্যমে দাওয়াহ কার্যক্রম সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় অংশ নেওয়া সদস্যরা বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় ও বিভ্রান্তি থেকে মানুষকে সঠিক পথে রাখতে সংগঠনের ভূমিকা আরও সক্রিয় হওয়া প্রয়োজন। সে লক্ষ্যে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোহাদ হোসেন প্রান্ত বলেন, ও.পি.এ কোনো একক ব্যক্তির সংগঠন নয়—এটি একটি আদর্শ ও মানবিক চেতনাভিত্তিক উদ্যোগ।
তিনি আরও বলেন, সামনে রমজান মাস। এ সময় মানুষের কষ্ট লাঘবে সংগঠনের দায়িত্ব আরও বেড়ে যায়। সবার সম্মিলিত প্রচেষ্টা, দোয়া ও গণমাধ্যমের সহযোগিতায় এই দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, মানুষের আস্থা ও ভালোবাসাই সংগঠনের সবচেয়ে বড় শক্তি এবং ভবিষ্যতেও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।





































