পুলিশ পরিচয়ে ডাকাতি, যেভাবে উদ্ধার হলেন প্রবাসী
পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা। বিদেশফেরত এক প্রবাসীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে পালানোর সময় পুলিশের ধাওয়ায় ব্যর্থ হয়ে তাকে ফেলে পালায় দুর্বৃত্তরা। নাটকীয় অভিযানে প্রবাসী সুমন মিয়াকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটায় পূর্বাচল-৫৩ এলাকায় ডিউটিরত অবস্থায় পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নি:) হারুনুর রশিদ মোবাইল ফোনে খবর পান- ৩০০ ফিট ল্যাংটা মাজার গোলচত্বরের কাছাকাছি মহাসড়কে পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়েছে।
বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে বিদেশফেরত যাত্রী সুমন মিয়াকে বহনকারী একটি প্রাইভেটকারকে পেছন থেকে সিলভার রঙের একটি হায়েস মাইক্রোবাস ধাওয়া করে থামায়। পরে ৬-৭ জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রাইভেটকার থামিয়ে সুমনকে টেনে-হেঁচড়ে তাদের গাড়িতে তুলে নেয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন মাইক্রোবাসটিকে ধাওয়া করে পুলিশ। ধাওয়ার মুখে মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। একপর্যায়ে দুর্বৃত্তরা সুমন মিয়াকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এবং রূপগঞ্জ থানাধীন ৩ নম্বর সেক্টরের প্রগতি স্কুলের সামনে গাড়িটি ফেলে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত মাইক্রোবাস থেকে পুলিশ ৮টি নকল নম্বর প্লেট, ২টি ওয়াকিটকি, ৩টি দা ও ৩টি লাঠি উদ্ধার করে। উদ্ধার হওয়া নম্বর প্লেটগুলোর সবই ভুয়া বলে নিশ্চিত হয়েছে পুলিশ। গাড়িটির সামনের ও পেছনের নম্বর প্লেটও নকল ছিল।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক মোজাহিদ খাঁ ও প্রবাসী সুমন মিয়া আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





































