নিউজ টু নারায়ণগঞ্জ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নিবন্ধিত নিউজ পোর্টাল নিউজ টু নারায়ণগঞ্জ’র উদ্যোগে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর করবী সিটি প্লাজা-৩ এলাকায় এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিউজ টু নারায়ণগঞ্জের সম্পাদক ও প্রকাশক মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম বলেন, “শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। নিউজ টু নারায়ণগঞ্জ দেশ ও বিদেশে সরেজমিন সংবাদ সংগ্রহ ও নিয়মিত প্রকাশের মাধ্যমে গণমাধ্যমে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি তারা সামাজিক ও মানবিক কর্মকা-ে যে ভূমিকা রাখছে, তা প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাষাড়া সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার এজিএম মো. রুমন, এজিএম সেলিম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী নেত্রী জাহানারা, আত্মকর্ম সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনসহ অন্যান্য বিশিষ্টজন।
সভাপতির বক্তব্যে মো. ইব্রাহিম খলিল বলেন, “শীত প্রতিবছর গরিব ও অসহায় মানুষের জন্য কষ্টের বার্তা নিয়ে আসে। কিন্তু এই সময়ে সমাজের সামর্থ্যবানদের খুব কমই পাশে দাঁড়াতে দেখা যায়। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারার অনুভূতি ভিন্ন। পরিকল্পিতভাবে আমরা এবার শীতপ্রবণ এলাকার দুস্থ ও অসহায় মানুষের কাছে কম্বল পৌঁছে দিচ্ছি।”
তিনি আরও জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এ উদ্যোগের কথা জেনে নিউজ টু নারায়ণগঞ্জের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই গণমাধ্যমটির পাশে থাকার আশ্বাস দেন।





































