বাপার গোলটেবিল বৈঠক
পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীদের
পরিবেশ রক্ষায় কাজ করার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থীরা। তারা বলেছেন, দেশে পরিবেশ রক্ষায় আইন থাকলেও দুর্নীতি ও সদিচ্ছার অভাবে সেগুলোর সঠিক বাস্তবায়ন হচ্ছে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় প্রার্থীদের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে প্রার্থীরা এসব কথা বলেন।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বাপা নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “বাংলাদেশে পরিবেশ রক্ষায় বহু আইন রয়েছে। কিন্তু দুর্নীতি ও সদিচ্ছার অভাবে সেগুলোর যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। যাদের কাছে আইন বাস্তবায়নের দায়িত্ব, তারা দুর্নীতিগ্রস্ত হয়ে আইন বাস্তবায়ন করে না।”
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন বলেন, “নারায়ণগঞ্জের সদ্য সাবেক ডিসি নাকি এক লাখ গাছ লাগিয়েছেন। আমরা সে গাছ খুঁজে পাই না। এ রকম লোক দেখানো পরিবেশের কাজ হলে হবে না। আমাদের কাজের কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, আমাদের মধ্য থেকে কেউ নির্বাচিত হবে। পরিবেশ রক্ষায় আমাদের এমন অঙ্গীকার করতে হবে, যেটি আমরা নির্বাচিত হলে ভুলে যাব না।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, “আমরা সবাই অন্যকে পরিবেশ আইন মানতে বলি। কিন্তু নিজেরা পরিবেশ আইন মানি না। নিজেদের বেলায় আমরা ক্ষমতা খাটিয়ে আইন লঙ্ঘন করি।”
বাসদের প্রার্থী আবু নাঈম খান বিপ্লব বলেন, “নির্বাচিত হই বা না হই আমরা পরিবেশ দূষণ রোধে কাজ করব।”
গণসংহতি আন্দোলনের প্রার্থী তরিকুল সুজন বলেন, “আমরা এমন একটা শহরে বাস করি, যেখানে থাকতেও পারছি না, আবার চলে যেতেও পারছি না। পরিবেশ দূষণ রোধে শুধু আইন যথেষ্ট নয়, চাই এর কঠোর প্রয়োগ।”
কমিউনিস্ট পার্টির প্রার্থী মন্টু ঘোষ বলেন, “পরিবেশ দূষণ শুধু প্রাকৃতিক নয়। রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেও পরিবেশ নষ্ট হচ্ছে।”
অনুষ্ঠানে বাপা নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “পরিবেশ রক্ষায় রাজনৈতিক সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ। আমরা সচেতনতা তৈরি করতে পারি, দাবি করতে পারি, কিন্তু পরিবেশ রক্ষার উদ্যোগটি বাস্তবায়িত হতে রাজনীতিবিদদের প্রয়োজন। আজকের অনুষ্ঠানের সব প্রার্থী পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আমরা আশা করি, যিনি নির্বাচিত হবেন, তিনি পরিবেশ রক্ষার এই অঙ্গীকার বাস্তবায়ন করবেন। আর যারা নির্বাচিত হবেন না, তারা তাঁকে সহযোগিতা করবেন।”
এদিকে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মাকসুদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
প্রার্থীদের পাশাপাশি বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ কলেজের প্রিন্সিপাল রুমন রেজা, জেলা খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম জহির, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সাহা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম কামাল, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, জিয়াউল ইসলাম কাজল, সাবেক সিটি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ অনেকে।





































