০৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৫:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০১, ৮ ফেব্রুয়ারি ২০২৬

কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা

কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা করেছে নারায়ণগঞ্জ-ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘নিউজ নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকম’।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে প্রতিষ্ঠানটির পক্ষে সাংবাদিক মো. আকাশ মামলার আবেদন করেন।

সংবাদমাধ্যমটি বিএনপি জোটের প্রার্থীর বিরুদ্ধে অসত্য ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ এনেছে। আদালত মামলার আবেদনটি আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছে বলেও জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এনামুল হক শিশির।

এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে বিবাদী করা হয়েছে।

মুফতি মনির হোসাইন কাসেমী বিএনপি জোটের শরিক জমিয়াতে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আসনটিতে বিএনপি জোটের প্রার্থী হয়েছিলেন। লড়েছিলেন ধানের শীষ প্রতীকে। এবার তিনি তার দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তার বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়, “‘নিউজ নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকম’ এ গত ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে ‘নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল’ অনলাইন পত্রিকায় মনির হোসাইন কাসেমীর নির্বাচনি প্রার্থী হিসেবে টাকা বিতরণের ভিডিও প্রকাশ করে। ভিডিওটি দেশের বেশিরভাগ গণমাধ্যমে প্রকাশ পায়। এর পরিপ্রেক্ষিতে প্রার্থীর স্বীকারোক্তির ভিত্তিতে ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার দেড় লাখ টাকা জরিমানা আদায় করে।

“পরবর্তীতে ১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে পল্লবীর বনলতা সুইটসের পাশে চায়ের দোকানে আকাশ ও অন্যান্য সাক্ষীরা মোবাইলে দেখতে পান আসামিদের পরিচালিত ফ্যান পেইজে নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল ও নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম-এর লোগো ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে একটি আপত্তিকর, মানহানিকর ও অসত্য কন্টেন্ট আপলোড করা হয়। আপত্তিকর ও মানহানিকর ভিডিওটি রাত ১১টার দিকে ডিলিট করা হয়। তবে মনির হোসাইন কাসেমীর নামীয় আরেকটি ফ্যান ফেইসবুক পেইজ আইডি নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল ও নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম নামে পোস্ট করা মানহানিকর ভিডিওটি এখনও পোস্ট আকারে রয়েছে।”

কাসেমী ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে ‘নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম’ ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল-এর বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয় মামলায়।

সর্বশেষ

জনপ্রিয়