১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৪:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফেসবুক প্রচারণায় নারায়ণগঞ্জের প্রার্থীরা কে কত ব্যয় করলেন

ফেসবুক প্রচারণায় নারায়ণগঞ্জের প্রার্থীরা কে কত ব্যয় করলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভোটের প্রচারণায় উল্লেখযোগ্য অঙ্কের অর্থ ব্যয় করেছেন। ফেসবুকের এড লাইব্রেরি থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত প্রায় এক মাসে (৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি) প্রার্থীরা অনলাইনে ভিডিও কন্টেন্ট ও পোস্ট বুস্ট করে ভোটারদের কাছে পৌঁছাতে কয়েক শত ডলার করে ব্যয় করেছেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াত–এনসিপি জোট সমর্থিত খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন ৩৮টি কন্টেন্টের প্রচারণায় ব্যয় করেছেন প্রায় ৭২০ ডলার। একই আসনে গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন ৪২টি কন্টেন্টের জন্য খরচ করেছেন ১৫৩ ডলার।

নারায়ণগঞ্জ-৪ আসনে রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলী ৪০টি কন্টেন্টে ব্যয় করেছেন প্রায় ৯২০ ডলার। বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের মনির হোসাইন কাসেমী ৭টি কন্টেন্টে খরচ করেছেন ২২০ ডলার। এনসিপির আব্দুল্লাহ আল আমিন ২৫টি কন্টেন্টের জন্য ব্যয় করেছেন ১৬৬ ডলার।

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ৫৯টি কন্টেন্টে খরচ করেছেন ৪৯১ ডলার। একই আসনে জামায়াতের ইকবাল হোসেন ভূঁইয়া ৩২টি কন্টেন্টে ব্যয় করেছেন ২৪৬ ডলার।

নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ ৫টি কন্টেন্টের জন্য ১০০ ডলারের কম ব্যয় করেছেন। জামায়াতের ইলিয়াস মোল্লাও ৩টি কন্টেন্টে ১০০ ডলারের কম খরচ করেছেন।

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ১৮টি কন্টেন্টে ব্যয় করেছেন ২৮৯ ডলার।

ফেসবুকে প্রচারিত এসব কন্টেন্টে প্রার্থীদের বক্তব্য, নির্বাচনী অঙ্গীকার ও বিভিন্ন তথ্য তুলে ধরে ভোটারদের সমর্থন চাওয়া হচ্ছে। পোস্ট বুস্ট ও ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে এই প্রচারণা মিছিল-মিটিংয়ের পাশাপাশি সরাসরি ভোটারদের মোবাইল স্ক্রিনে পৌঁছাচ্ছে।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, অনলাইন প্রচারণায় ব্যয় করা অর্থও প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাবের সঙ্গে যুক্ত করার কথা। নির্ধারিত সীমা অতিক্রম বা ব্যয়ের হিসাব যথাযথভাবে দাখিল না হলে আইনগত জটিলতার মুখে পড়তে হতে পারে সংশ্লিষ্ট প্রার্থীদের।

সর্বশেষ

জনপ্রিয়