১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে বিলাসবহুল “প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল” উদ্বোধন

সোনারগাঁয়ে বিলাসবহুল “প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল” উদ্বোধন

ঐতিহ্যের শহর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুক্ত হলো আধুনিকতার নতুন সংযোজন। উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় যাত্রা শুরু করেছে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিলাসবহুল বাণিজ্যিক কেন্দ্র “প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল”।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শপিং মলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। উদ্বোধনী আয়োজনে দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপিং মলটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সহোদর আব্দুল হান্নান বেপারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আধুনিক শপিং মল সোনারগাঁয়ের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তাহরীকে খতমে নবুওয়াত বাংলাদেশ-এর আমীর ও শাইখুল হাদীস মুফতি সাইয়্যেদ ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী (পীর সাহেব জৈনপুর)। তিনি প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

প্রিন্সিপ্যাল গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ড্রেড প্লাজা লিমিটেডের চেয়ারম্যান এস এ এম ইয়াসিন খন্দকার এবং ডিএমডি মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

প্রিন্সিপ্যাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওবায়েদ উল্লাহ বলেন, আন্তর্জাতিক মানের কেনাকাটার অভিজ্ঞতা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ শপিং মলটি শুধু বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং এ অঞ্চলের আধুনিকায়নের প্রতীক।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান বলেন, এ ধরনের বিনিয়োগ সোনারগাঁয়ের উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সংশ্লিষ্টরা জানান, শপিং মলটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক লিফট সুবিধা, সুবিশাল কার পার্কিং ও আরামদায়ক কেনাকাটার পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

উদ্বোধনের দিন স্থানীয়দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আলোকসজ্জায় সজ্জিত দৃষ্টিনন্দন ভবনটি ইতোমধ্যে এলাকাবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ সকলকে সপরিবারে শপিং মলটি পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন।
 

সর্বশেষ

জনপ্রিয়