১২ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৩১, ১১ জুলাই ২০২৬

আপডেট: ২৩:৩৩, ১১ জুলাই ২০২৬

বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট উদ্বোধন

বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট উদ্বোধন

বর্তমান সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ধরে রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল আলম খান পাভেল।

শনিবার (১১ জুলাই) দুপুরে বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট উদ্বোধন শেষে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

অ্যাডভোকেট মাজহারুল আলম খান পাভেল বলেন, শুধু সন্তানকে স্কুলে পাঠালেই দায়িত্ব শেষ হয় না। তারা নিয়মিত পড়াশোনা করছে কি না, শিক্ষকদের দেওয়া বাড়ির কাজ সম্পন্ন করছে কি না এবং সার্বিক শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে কি না, সে বিষয়ে অভিভাবকদের খোঁজ রাখতে হবে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির এই সময়ে অনেক শিক্ষার্থী অভিভাবকদের অজান্তে বিভিন্নভাবে সময় অপচয় করছে। তাই তাদের প্রতি নিয়মিত নজরদারি প্রয়োজন।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানের নতুন ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য অভিভাবকরা সহজেই জানতে পারবেন। কোনো শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস চলে যাবে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে সর্বোচ্চ আন্তরিকতা ও মেধার প্রয়োগ করতে হবে।

অ্যাডহক কমিটির সদস্য সচিব ও বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনসহ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক-শিক্ষিকারা।

মতবিনিময় সভায় শিক্ষকরা বলেন, অনেক শিক্ষার্থীর মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। বাড়ির কাজ সম্পন্ন করার প্রবণতাও আগের তুলনায় কমেছে। এ পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন।

অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব বলেন, সন্তানদের প্রতি কোনোভাবেই উদাসীন হওয়া যাবে না। তারা স্কুলের উদ্দেশ্যে বের হওয়ার পরও তাদের গতিবিধির ওপর নজর রাখতে হবে। শিক্ষকদেরও নিজের সন্তানের মতো আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি এবং প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অধ্যক্ষ আজিজুর রহমান।

সর্বশেষ

জনপ্রিয়