খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে: রিয়াদ চৌধুরী
শাহ্ ফতেউল্লাহ ইসলামীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তন মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “তোমাদের প্রধান দায়িত্ব মনোযোগ দিয়ে পড়াশোনা করা। পড়াশোনার মাধ্যমেই তোমরা সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে। এর পাশাপাশি ছাত্রজীবনে চরিত্র গঠন, সততা বজায় রাখা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা জরুরি।”
তিনি বলেন, “খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে, সুস্থ জাতি গঠনে সহায়তা করে এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ্ ফতেউল্লাহ ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মকবুল হোসেন, সহ-সুপারিনটেনডেন্ট এইচ এম নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, মো. মজিবুর রহমান, সোহরাব হোসেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মুর্শিদা আক্তার, নুসরাত জাহান, মাওলানা জসিম উদ্দিন, আব্দুল করিম চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য মো. সেলিম চৌধুরীসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





































