সেলিম ওসমানের উইজডমসহ তিন কারখানায় বিক্ষোভ-কর্মবিরতি
নারায়ণগঞ্জে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সাবেক সংসদ সদস্য ও বিকেএমইএর সাবেক সভাপতি সেলিম ওসমানের পোশাক কারখানাসহ তিনটি শিল্পকারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার দাপা এলাকায় সেলিম ওসমানের উইজডম অ্যাটায়ার্স লিমিটেড, বিসিক শিল্পাঞ্চলের সায়েম নীট ফেব্রিক্স ও রূপগঞ্জ উপজেলার ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এসব কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শিল্প পুলিশ-৪-এর নারায়ণগঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গত মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন উইজডমের শ্রমিকরা। পরে তারা কারখানা ছেড়ে বেরিয়ে যান।
“শ্রমিকরা সকালে কাজে যোগ দিয়েছিলেন। পরে তারা কর্মবিরতিতে যান এবং পরবর্তীতে মালিকপক্ষ থেকে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও শ্রমিকরা রাজি হয়নি। এরপর তারা কর্মস্থান ত্যাগ করে চলে যায়। আর কাজে যোগ দেননি,” প্রেস নারায়ণগঞ্জকে বলেন আব্দুল্লাহ আল মাহমুদ।
সেলিম ওসমানের উইজডম অ্যাটায়ার্সে একই দাবিতে গত বুধবার ও বৃহস্পতিবারও শ্রমিকরা বিক্ষোভ করেন।
এদিকে, সকাল থেকেই ফতুল্লার বিসিকের সায়েম নীট ফেব্রিক্সে দক্ষ শ্রমিকদের মজুরির গ্রেড বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে। পরে মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা আবারও কাজে যোগ দেন।
একই দিন রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় অবস্থিত ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫৭ জন শ্রমিককে চাকরিচ্যুত করার সিদ্ধান্তকে কেন্দ্র করে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।
শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক বলেন, কারখানার শ্রমিকরা মাসিক ২০ হাজার টাকা বেতন দাবি করছিলেন। এ নিয়ে প্রতিবাদের মুখে ৫৭ জনকে চাকরিচ্যুত করা হয়। এর জেরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
কারখানাটির অ্যাডমিন (ডিজিএম শাখা) শফিকুল ইসলাম প্রেস নারায়ণগঞ্জকে বলেন, “সকাল ৯ টা থেকে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান করেন। পরবর্তীতে শিল্প পুলিশ এসে তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু কয়েকজন শ্রমিক কারখানারটির শর্ত অনুযায়ী কাজ করবেন না বলে জানান। সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না। তাই পরবর্তীতে ২০ জন শ্রমিককে অগ্রিম একমাসের বেতন দেওয়া হলে তারা চলে যায়।”
তবে এ বিক্ষোভকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান ওই কর্মকর্তা।





































