জেলা প্রশাসকের সঙ্গে নারায়ণগঞ্জ যুব সংসদের সৌজন্য সাক্ষাৎ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ যুব সংসদের নবগঠিত কমিটির নেতারা।
রোববার (২৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব সংসদের সভাপতি এ এইচ মুন্না, সাধারণ সম্পাদক নুরুদ্দিন সাগর, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সুমন রায়, মাহাবুব, রিপন সিকদার, সফিকুল ইসলাম, মাসুদ, স্বপনসহ কমিটির অন্যান্য সদস্য।
সাক্ষাৎকালে সংগঠনের নেতারা জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও মানবিক নারায়ণগঞ্জ গঠনের প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জ যুব সংসদ গঠন করা হয়েছে বলে জানান তাঁরা।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ। যুবদের সঠিক পথে পরিচালিত করতে পারলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধ দূর করা সম্ভব। মানবিক ও সামাজিক কাজে সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
নারায়ণগঞ্জ যুব সংসদের সভাপতি এ এইচ মুন্না বলেন, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মানবসেবা ও সমাজের কল্যাণে কাজ করতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, শিক্ষা সহায়তা ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে যুব সংসদ কাজ করে যাবে।
সাধারণ সম্পাদক নুরুদ্দিন সাগর বলেন, সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।





































